বাংলাদেশ সফরে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শকে ওয়ানডে সিরিজের দলে পাচ্ছে না ক্যাঙ্গারুরা। পাচ্ছে না ট্রাভিস হেড ও তানভীর সাঙ্গাকেও।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে তারা। সর্বশেষ ২০১১ সালে দেখা গিয়েছিল এমন দৃশ্য।
তবে এই সিরিজে দলের দুই গুরুত্বপূর্ণ তারকা ট্রাভিস হেড ও মিচেল মার্শকে ছাড়াই মাঠে নামতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। মার্শ এখনো চোট থেকে সেরে উঠেননি, অন্যদিকে ছুটি নিয়েছেন হেড।
তানভীর সাঙ্গাও বাদ পড়েছেন হ্যামস্ট্রিং চোটের কারণে। তাদের বদলে দলে ডাকা হয়েছে ম্যাট শর্ট, অলিভার পিক ও অফস্পিনার টড মারফিকে।
অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচক টনি ডোডেমেইড এ বিষয়ে বলেন, ‘আমরা আশা করেছিলাম মিচেল মার্শ ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হবে। কিন্তু সে এখনো গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি।’
যদিও মিচেল মার্শকে টি-টোয়েন্টি সিরিজের দলে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে ডোডেমেইড বলেন, ‘সে ঢাকায় দলের সাথে যোগ দেবে এবং টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করবে।’
হেডের বিষয়ে তিনি বলেন, ‘ট্রাভিসকে প্রথমে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই দলে রাখা হয়েছিল। পরে তাকে ব্যক্তিগত কারণে ছুটি দেয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে আবার দলে পাওয়ার অপেক্ষায় আছি।’
হেডের অনুপস্থিতি শুধু ওয়ানডেতেই নয়, টি-টোয়েন্টি সিরিজেও ভোগাবে অস্ট্রেলিয়াকে। তার বদলি হিসেবে টি-টোয়েন্টি দলে কাকে নেয়া হবে, তা পরে জানানো হবে।
এদিকে তাদের বদলে ওয়ানডে দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী অলিভার পিক। পাকিস্তান সফরে আন্তর্জাতিক অভিষেকের পর এবার বাংলাদেশের বিপক্ষেও সুযোগ পাচ্ছেন তিনি।
এদিকে লেগস্পিনার তানভীর চোটে পড়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন অফস্পিনার টড মারফি। সাতটি টেস্ট খেলা মারফি অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন।
পাকিস্তান সফরে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখানো ম্যাট শর্টও দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া আইপিএল শেষে দলে যোগ দিয়েছেন পেসার জাভিয়ার বার্টলেট ও বেন ডোয়ারশুইস।
৯ জুন ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের ওয়ানডে ম্যাচ দুইটিও হবে ঢাকায়, ১১ জুন ও ১৪ জুন। এরপর ১৭ জুন থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।