দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে ঈদুল আজহার বৃহৎ জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। নিশ্ছিদ্র নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা।

তবে কয়েক দিন ধরে চলা ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন পাড়া-মহল্লার মাঠ ও মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় এবার মুসল্লির সংখ্যা কিছুটা কম ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

গোর-এ শহীদ ময়দানের আয়তন ২১ দশমিক ৯৯ একর। ১৯৪৭ সাল থেকে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে আধুনিক নির্মাণশৈলীতে বৃহৎ পরিসরে জামাত আয়োজন শুরু হয় ২০১৭ সাল থেকে।

সকাল ছয়টা থেকেই মুসল্লিরা ঈদগাহে সমবেত হতে শুরু করেন। নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হয়। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাসেমী।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ফিলিস্তিন ও ইরানসহ বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলের মুসলমানদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি ১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের জন্যও মোনাজাত করা হয়।

জামাতে অংশ নেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সর্বস্তরের মানুষ।

ঈদের এই বৃহৎ জামাতে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা। তারা জানান, সকাল সাড়ে ৮টায় জামাত হওয়ায় দূর-দূরান্ত থেকে মানুষ এসে অংশ নিতে পেরেছেন। শুধু দিনাজপুর ও আশপাশের জেলা নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসেন।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews