বিনোদন ডেস্ক:
‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার প্রচারে বুধবার কলকাতায় পা রেখেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক বাসভবন নেতাজি ভবনে যান বলিউড অভিনেতা সানি দেওল। সেখানে নেতাজির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, স্মারক ও গাড়ি ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন নেতাজির নাতি অধ্যাপক সুগত বসু।
সানি দেওল নেতাজি ভবন পরিদর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। পরে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালও ঘুরে দেখেন এবং কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন।
রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটোয়ারা ১৯৪৭’ আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা। আমির খান প্রযোজিত সিনেমাটিতে সানি দেওলের সঙ্গে অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজলসহ অনেকে। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির প্রচারে বর্তমানে বিভিন্ন শহরে ব্যস্ত সময় কাটাচ্ছেন সানি।