যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লেক্সিংটনে একটি পার্কে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রাশিয়াভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এ তথ্য জানিয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শহরের চার্লস ইয়াং পার্কে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশু, ১৪ বছর বয়সী এক কিশোর এবং দুজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
আহত চারজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও আঘাতই জীবনসংকটাপন্ন নয় বলে জানিয়েছেন লেক্সিংটন পুলিশের প্রধান লরেন্স ওয়েদার্স। তবে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
গুলির ঘটনার পর পার্কের আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থলে কেনটাকি স্টেট পুলিশের সদস্যরাও উপস্থিত হন। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। হামলার কারণও এখনও স্পষ্ট নয়।
পুলিশ প্রধান লরেন্স ওয়েদার্স জানিয়েছেন, বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনো চলমান হুমকি নেই বলে তারা মনে করছেন।
গুলির ঘটনা ঘটে স্থানীয় একটি কমিউনিটি অনুষ্ঠান ‘ইস্ট এন্ড ডে’ চলাকালে। অনুষ্ঠানে তখন অনেক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থাকা লেক্সিংটনের পরিচালক ডেভাইন কারামা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গুলির শব্দ শোনার পর চার তরুণকে নিয়ে তিনি নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ সময় তার কাছেই একজনকে গুলি করা হয়।
ঘটনার পর চার্লস ইয়াং পার্কে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। গুলির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।