দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রস্তুতির মধ্যেই আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এক সপ্তাহের মধ্যে এটি তাদের দ্বিতীয় পরীক্ষা। জাপান সাগর লক্ষ্য করে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছে বলে বুধবার জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
দক্ষিণ কোরিয়ার যৌথ চিফস অব স্টাফ সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানায়, বুধবার ভোর প্রায় ৬টার দিকে উত্তর কোরিয়ার ওয়ানসান এলাকা থেকে পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে। ঘটনার পর নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটন ও টোকিওর সাথে যৌথভাবে নজর রাখছে সিউল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে জানিয়েছে, সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি এরইমধ্যে সাগরে পড়েছে।
দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র আগামী ১৭ আগস্ট থেকে তাদের বার্ষিক 'উলচি ফ্রিডম শিল্ড' সামরিক মহড়া শুরুর পরিকল্পনা ঘোষণা করার পরপরই পিয়ংইয়ং এই পদক্ষেপ নিল।
দক্ষিণ কোরিয়ার কিউংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ লিম উল-চুল বার্তা সংস্থাকে বলেন, 'দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উত্তর কোরিয়া কখনো হাত। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে পিয়ংইয়ং স্পষ্ট বার্তা দিল যে, পিয়ংইয়ং অনুষ্ঠেয় মহড়াটির ওপর কড়া নজর রাখছে। প্রয়োজন মনে করলে তারা যেকোনো পাল্টা পদক্ষেপ নিতেও তৈরি।'