রোমে ৪০ ঘণ্টা আটকে থাকা ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইট।

রোববার দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায় রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিজি-৩০৬। রোববার দুপুর সাড়ে ১২টায় ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি রোম থেকে পুনরায় উড্ডয়ন করতে পারেনি। পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল রোমে গিয়ে প্রয়োজনীয় মেরামত শেষে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করে।

দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টা রোমে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবশেষে ত্রুটি সারিয়ে ২৪৭ যাত্রীকে নিয়ে নিরাপদে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি।

এদিকে, দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সেই সঙ্গে বিমানের সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews