নওগাঁর মান্দায় পাচারকালে সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাল কালোবাজারির অভিযোগে উজ্জল সাকিদার নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) সন্ধ্যার দিকে মৈনম ইউনিয়ন পরিষদের পাশের এলাকায় অভিযান চালিয়ে ভিজিএফের চাল উদ্ধারসহ উজ্জল সাকিদারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার মৈনম ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে মৈনম বাজার এলাকার বাসিন্দা বাবু মণ্ডলের(৫৬) বাড়ির পাশের একটি টিনশেড রান্নাঘর থেকে ৯০০ কেজি চাল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভ্যানচালক উজ্জ্বল সাকিদারকে গ্রেফতার করে। তবে অভিযানের সময় পাচারচক্রের মূলহোতা অভিযুক্ত বাবু মণ্ডলসহ তার সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল সাকিদার সরকারি চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে মজুত এবং পরে তা বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করেছেন। ঘটনায় উজ্জ্বল সাকিদার, পলাতক বাবু মণ্ডলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অভিযান চালিয়ে ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেফতার উজ্জ্বল সাকিদারকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরকে