দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য এবারের বিশ্বকাপ ছিল হতাশার। গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে না পেরে বিদায় নিতে হয়েছে দলটিকে। এমন ব্যর্থতার পর কোনো অজুহাত না দিয়ে পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রধান কোচ মার্সেলো বিয়েলসা।

স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের মধ্য দিয়ে উরুগুয়ের বিশ্বকাপ মিশন শেষ হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যর্থতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন আর্জেন্টাইন এই কোচ।

বিয়েলসা বলেন, ‘উরুগুয়ের ফুটবলকে আমি যা দিয়েছি তা কিছুই না, কারণ ইতিবাচক ফলাফল ছাড়া তিন বছর ধরে জাতীয় দলের পেছনে একজন কোচের যেকোনো অবদানই বৃথা।’

নিজের সময়কাল নিয়ে মূল্যায়ন করতে গিয়ে তিনি আরও বলেন, ‘যদি জিজ্ঞেস করেন তারা আমাকে কীভাবে মনে রাখবে, তবে তারা আমাকে এমন একজন হিসেবেই মনে রাখবে যে আসলে কিছুই রেখে যায়নি।’

আরও পড়ুন

আরও পড়ুন

গোলরক্ষকের ভুলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের

গোলরক্ষকের ভুলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের

এই বিশ্বকাপ থেকেই কার্যত শেষ হলো উরুগুয়ের দায়িত্বে বিয়েলসার তিন বছরের অধ্যায়। এই সময়ে দলকে ঘিরে একাধিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সাংগঠনিক টানাপোড়েনের খবরও আলোচনায় ছিল।

তবে এসবের আড়ালে না গিয়ে ব্যর্থতার সম্পূর্ণ দায়িত্ব নিজের বলে স্বীকার করেছেন তিনি। বিয়েলসা বলেন, ‘আপনারা সবাই যা ঘটেছে তার জন্য আমাকেই দোষারোপ করতে চান, এবং আমাকে অবশ্যই সেই দোষ মেনে নিতে হবে। এটাই একমাত্র সঠিক কাজ।’

নিজের খেলোয়াড়দের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমাকে অত্যন্ত যোগ্য খেলোয়াড়দের একটি দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং আমি কেবল তাদের থেকে সেরাটা বের করে আনতে ব্যর্থ হয়েছি।’

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর বিয়েলসার এমন আত্মসমালোচনামূলক বক্তব্য উরুগুয়ের হতাশাজনক অভিযানের প্রতিচ্ছবিই তুলে ধরেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews