রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের একাধিক শহরে এক শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানান।

একই দিনে জেনেভায় যুদ্ধ অবসান নিয়ে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের আলোচনার আগে এ হামলা চালানো হয়।

চার বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া এ যুদ্ধে লাখো মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। পূর্ব ও দক্ষিণাঞ্চলসহ রাশিয়া সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে। ওয়াশিংটন এ সংঘাতের অবসান চায়।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, কিয়েভের দিকে উচ্চগতির লক্ষ্যবস্তু অগ্রসর হচ্ছিল। এর কিছুক্ষণ পর কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, রাশিয়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানীতে হামলা চালাচ্ছে।

তিনি টেলিগ্রামে লেখেন, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সতর্কতা তুলে না নেয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকুন।’

কিয়েভ পুলিশ জানায়, ধ্বংসাবশেষ পড়ে তিনটি জেলায় আগুন ও ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে অনাবাসিক ভবনে আগুন, একটি বহুতল ভবনের বারান্দার জানালা ভেঙে যাওয়া ও দোতলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে।

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জরুরি সেবা কর্মী ও তদন্তকারীরা সকালজুড়ে ঘটনাস্থল নিরাপদ করতে ও ক্ষয়ক্ষতি নথিভুক্ত করতে কাজ করেন।

রাজধানীর বাইরে আরো এলাকায় হামলা ছড়িয়ে পড়ে।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ ও পাশের একটি গ্রামে ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুও রয়েছে। আঞ্চলিক প্রধান ওলেগ সিনেগুবভ এ তথ্য জানান।

দক্ষিণে জাপোরিঝঝিয়াতেও ব্যাপক হামলা হয়। আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ বলেন, হামলায় ১৯টি অ্যাপার্টমেন্ট ভবন, চারটি বাড়ি ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাতজন আহত হন।

দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভিই রিহ শহরে দুজন আহত হয়েছেন বলে জানান ওই অঞ্চলের প্রধান ওলেক্সান্দর গানঝা।

রাতে এ হামলার পর পোল্যান্ড যুদ্ধবিমান উড্ডয়ন করায় বলে তারা এক্সে জানিয়েছে।

জেনেভায় ইউক্রেনীয় আলোচকরা মার্চের শুরুর দিকে রাশিয়ার সাথে পরিকল্পিত ত্রিপক্ষীয় বৈঠকের আগে স্থবির আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার কয়েক ঘণ্টা আগেই এ হামলা হয়।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews