ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বকে স্বাগত জানিয়েছে কানাডা। কানাডা সরকার “কানাডা ওয়েলকামস দ্যা ওয়ার্ল্ড” স্লোগানে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে। দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ভ্যান কুভারডেন বলেন, এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের মানুষের মিলনমেলা। 

ইতোমধ্যেই ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কানাডা বিশ্বকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে আয়োজকের দায়িত্ব পালন করবে। এবারের আসরেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, যা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। 

কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির সরকার জানিয়েছে, বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে। 

টুর্নামেন্টে টরন্টো ছয়টি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে থাকবে কানাডার জাতীয় দলের উদ্বোধনী ম্যাচও। উত্তর আমেরিকার ব্যস্ততম শহরগুলোর একটি টরন্টো তার শিল্প, খাবার ও বিনোদনের জন্য ইতোমধ্যেই সুপরিচিত।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে কানাডার প্রাণকেন্দ্র টরন্টো এখন যেন ফুটবলের শহর। অতিরিক্ত চাপ সামাল দিতে টরন্টো ট্রান্সপোর্ট বিভাগ ঘোষণা দিয়েছে- বাড়তি সাবওয়ে ট্রেন, বিশেষ বাস সার্ভিস, শাটল সার্ভিস। এছাড়া ম্যাচ দিনের স্টেডিয়ামসংলগ্ন এলাকায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবক দল এবং দর্শকবান্ধব তথ্যকেন্দ্র।

বিশ্বকাপকে সামনে রেখে কানাডাজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যান ফেস্ট এবং উদযাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্ট কানাডার ক্রীড়া ও পর্যটন খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।

অন্যদিকে টরন্টো ও ভ্যাঙ্কুভারে একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় দেশজুড়ে আন্তর্জাতিক পর্যটকের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। এতে বিলিয়ন ডলার রাজস্ব সৃষ্টি হবে এবং হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। 

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews