মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) উপজেলার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনীতিবিদ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির (সভাপতি) অধ্যাপক মাওলানা সাদেক আহমদ এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসান প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন এবং সম্পাদক গোলাম এরশাদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা সাদেক আহমদ বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইফতার মাহফিল শুধু পানাহারের আয়োজন নয়, বরং এটি মুসলিম ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার একটি মাধ্যম। বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি ও অগ্রগতিতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি দেশের কল্যাণ ও উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন বলেন, ‘রমজান মাস সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এ সময়ে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও দেশ ও জনগণের কল্যাণে আমরা সবাই একসাথে কাজ করতে প্রস্তুত।’

মোহনগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসান বলেন, ‘প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা এলাকার ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করে।’

মাহফিলে ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলা জামায়াত ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews