বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গতকাল সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। তাঁরা যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টনের বেশি গম আমদানি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যেও আমদানীকৃত গমের চালান নির্ধারিত সময়ে দেশে আসায় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে বাণিজ্যসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে খাদ্যসচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।