উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। ‘নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি ও উত্তরণ’-প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সূচনা করা হয়।

এই উৎসবের প্রথম দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও রঙিন তুলির আঁচড়ে পুরো ক্যাম্পাস এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এরপর এদিন সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। পরবর্তীতে রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ্ পার্কের পাশ দিয়ে ঘুরে ক্যাম্পাসে এসে শোভাযাত্রা শেষ হয়।

বৈশাখী শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৈশাখী শোভাযাত্রা ছাড়াও থাকছে বৈশাখী মেলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল বুধবার পর্যন্ত চলবে নববর্ষের এই জমকালো আয়োজন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews