ঈদের আগে হবিগঞ্জের বাহুবল উপজেলার গুহারুয়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছাই হয়ে গেছে সাতটি পরিবারের বহু বছরের সঞ্চিত স্বপ্ন। জীবনের সবটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এসব পরিবারের পাশে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত প্রায় ৯টার দিকে হঠাৎ করেই গুহারুয়া গ্রামে আগুন লাগে। আগুনে পুড়ে যায় অন্তত সাতটি বসতঘর ও ঘরের ভেতরের যাবতীয় মালামাল। এতে পরিবারগুলো হয়ে পড়ে দিশেহারা। কারো মাথার ওপর আর ছাদ নেই, কারো নেই নিত্যদিনের প্রয়োজনীয় সামান্য জিনিসটুকুও।
শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। অসহায় পরিবারগুলোর চোখের জল মুছতে তাৎক্ষণিকভাবে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইউএনও উজ্জ্বল রায় জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য টিন ও নগদ অর্থ সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ইতোমধ্যে অবগত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুষিয়ে উঠতে সময় লাগবে অনেক।
সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর একটাই আকুতি- ‘আবার যেন নতুন করে ঘর বাঁধতে পারি।’ তাদের এই আর্তনাদে সাড়া দিয়ে প্রশাসনের মানবিক উদ্যোগই এখন তাদের একমাত্র ভরসা।