ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে বাংলাদেশ ছেড়ে পালাতে সহায়তাকারী হিসেবে যাঁর নাম এসেছে, সেই ফিলিপ সাংমাও ভারতে ধরা পড়েছেন।

পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) শনিবার (১৪ মার্চ) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করেছিলেন।

খবরে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে শান্তিপুর বাইপাসসংলগ্ন এলাকা থেকে ফিলিপকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট ও ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন পারাপার করাতেন। একইভাবে তার সহায়তায় বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল ফয়সালরাও।

সংবাদে আরও বলা হয়,  হাদি-খুনে অভিযুক্তদের খোঁজে যখন বাংলাদেশে তোলপাড় শুরু হয়, তখন ফিলিপও হালুরঘাট-ডালুপাড়া সীমান্ত দিয়ে ভারতে চলে আসেন। জেরায় ফিলিপ সাংমাও আরও জানিয়েছেন, বিগত কয়েক দিন ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি। বার বার বদলেছেন আস্তানাও। তবে সম্প্রতি বাংলাদেশে আবার ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ফিলিপ। একই পরিকল্পনা ছিল ফয়সালদেরও। তবে তার আগেই পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন জনই। শনিবার গ্রেপ্তারকৃত ফিলিপকে আদালতে হাজির করানো হয়। আদালতের নির্দেশে পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে।

উল্লেখ্য,  গত ৮ মার্চ হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভারতীয় পুলিশ তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদে তারা ফিলিপ সাংমার তথ্য দেন। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়।

এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews