রাশিয়া রাতভর ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলসহ একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় এক দম্পতি নিহত ও এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘ভিলনিয়াঙ্ক শহরের একটি বাড়িতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক দম্পতি নিহত হয়েছেন।’
মস্কোর চার বছরের আগ্রাসনের অবসান ঘটাতে এই সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের পর এই হামলা চালানো হয়।
ফেদোরভ আগে এক পোস্টে জানিয়েছিলেন, রাশিয়া জাপোরিঝিয়া আরেকটি হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর আহত হয়েছে।
আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, প্রাথমিক তথ্যে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বাইরের শহরতলিতে আরেকটি রাশিয়ান হামলার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আবুধাবিতে দু’দিনের আলোচনা চার মাসের মধ্যে প্রথমবারের মতো বন্দি বিনিময় নিশ্চিত করেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আলোচনাকে জটিল বলে বর্ণনা করেছেন এবং দ্রুত অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
কিয়েভের প্রধান আলোচক পরে বলেছেন, আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে।
গত সপ্তাহে ক্রেমলিন ইউক্রেনের রাজধানী কিয়েভে সাত দিনের জন্য হামলা না চালানোর জন্য মার্কিন অনুরোধে সম্মত হওয়ার পর, সাম্প্রতিক দিনগুলোতে লড়াই আবার শুরু হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া সুপরিকল্পিতভাবে দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালাচ্ছে, যার ফলে শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রায় লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপবিহীন হয়ে পড়েছে।
রাশিয়ার বেলগোরোদের মেয়র ভ্যালেন্টিন ডেমিডভ শুক্রবার জানান, ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ‘অবকাঠামোর ব্যাপক ক্ষতি’ হয়েছে এবং শহরের কিছু এলাকায় বিদ্যুৎ, তাপ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, প্রাথমিক প্রতিবেদনে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সূত্র: বাসস