বিশ্বকাপে নকআউটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইরান। ফলে প্রথমবারের মতো নকআউট ওঠার যোগ্যতা অর্জন করেছে দলটি। আগামী ৩ জুলাই ডালাসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। তবে ম্যাচের ৫৭তম মিনিটে বাম হাঁটুতে চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলের সাবেক তারকা ও মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে। তার বদলি হিসেবে মোস্তফা জিকোকে মাঠে নামানো হয়।
তার চোটের কারণে মিশরের শিবিরে আশঙ্কা দেখা দিয়েছে। দলের কোচ হোসেন হাসান জানিয়েছেন, দলের মেডিকেল স্টাফরা সালাহর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দলের হোটেলে ফেরার পর তার আরও একবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
হাসান বলেন, আমি সালাহর সঙ্গে কথা বলেছি, সে জানিয়েছে যে সে ঠিক হয়ে যাবে এবং চোটটি খুব গুরুতর নয়।মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলার জন্য আমাদের হাতে এখনও সময় আছে। আমার বিশ্বাস সে ফিরে আসবে। সালাহ আমাকে আশ্বস্ত করেছে যে সে সুস্থ হয়ে উঠবে।
বিশ্বকাপ শুরুর আগেই সালাহকে ঘিরে গড়ে ওঠা দলটির ওপর আস্থা প্রকাশ করেছিলেন হাসান। প্রথমবারের মতো দলটি নকআউট নিশ্চিত করেছে। তবে আগামী শুক্রবার নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যদি সালাহ খেলতে না পারেন, তবে তা মিশরের জন্য বড় এক ধাক্কা হবে।
চারবারের প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয়ী এই ফুটবলার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে ৬৮তম গোল করেছিলেন। ৩৪ বছর বয়সী এই তারকা টুর্নামেন্টে আরও দুটি গোলে সহায়তাও করেছেন।
বিডি প্রতিদিন/আরকে