ব্রাজিলের ফুটবলের বর্তমান সংকটের জন্য খেলোয়াড় নয়, বরং দুর্বল প্রশাসনিক কাঠামোকেই দায়ী করেছেন কিংবদন্তি ফুটবলার পেলের জ্যেষ্ঠ কন্যা কেলি ক্রিস্টিনা নাসিমেন্তো। তার মতে, স্বচ্ছতা ও জবাবদিহির অভাবেই বিশ্ব ফুটবলের অন্যতম সফল দেশটি ধারাবাহিকভাবে পিছিয়ে পড়ছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলি বলেন, ব্রাজিলে এখনও বিশ্বমানের প্রতিভাবান ফুটবলার তৈরি হচ্ছে। কিন্তু সেই প্রতিভাকে কাজে লাগানোর মতো আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক ফুটবল প্রশাসন গড়ে ওঠেনি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অস্বচ্ছতার প্রভাবই জাতীয় দলের পারফরম্যান্সে পড়ছে।
- Advertisement -
সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ১৯৯০ সালের পর এই প্রথম সেলেসাওরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের শিরোপাও অধরা তাদের।
কেলি নাসিমেন্তো জানান, জীবদ্দশায় পেলে নিজেও ব্রাজিলের ফুটবলের এই অবনতিতে উদ্বিগ্ন ছিলেন। তার বিশ্বাস ছিল, ফ্রান্সের মতো সফল দেশগুলোর আদলে আধুনিক, স্বচ্ছ ও পরিকল্পিত ফুটবল কাঠামো গড়ে তুলতে পারলেই ব্রাজিল আবারও সাফল্যের ধারায় ফিরতে পারবে।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ ব্রাজিলের ক্লাব ফুটবলে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। উদাহরণ হিসেবে তিনি বোটাফোগো ক্লাবের কথা উল্লেখ করেন। মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের বিনিয়োগের পর ক্লাবটির পারফরম্যান্সে উন্নতি এসেছে এবং পরিচালনায় জবাবদিহির সংস্কৃতি গড়ে উঠছে।
কেলি নাসিমেন্তোর মতে, ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে নিতে হলে শুধু প্রতিভাবান খেলোয়াড় তৈরি করলেই হবে না; পাশাপাশি ফুটবল প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকর সংস্কার নিশ্চিত করাও সময়ের দাবি।
- Advertisement -