কুমিল্লা-৬ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ অভিযোগ করে বলেন, তার নির্বাচনী মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) বিকেলে নগরীর মোগলটুলীস্থ মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গত সোমবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিল চলাকালে ফয়সল আহমেদ লামের এক দুষ্কৃতিকারী মোটরসাইকেল নিয়ে মিছিলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে কয়েকজন কর্মী আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে ফারুক ও আবুল বাশারের নেতৃত্বে মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তাদের কর্মী শাহজালাল সায়েম গুরুতরভাবে আহত হন। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এছাড়া ফারুক ও মাহবুবসহ আরো পাঁচজন কর্মী গুরুতর আহত হন। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোছলেহ উদ্দিন, সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলসহ কুমিল্লা মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।