পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম ও দেশটির ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ছেলে আলিয়ারের মধ্যে ক্রিকেট খেলার একটি দারুণ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) জিও নিউজ জানায়, সম্প্রতি একটি ম্যাচ পরবর্তী সময়ে মাঠে উপস্থিত হন ওই দিনের দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজম। যেখানে উপস্থিত ছিলেন আফ্রিদির পরিবারের সদস্যরাও।
এ সময় আফ্রিদিকে সমর্থন জানাতে মাঠে আসে তার ছোট্ট ছেলে আলিয়ারও। এমন মুহূর্তেই তার সাথে খুনসুটিতে মেতে ওঠেন বাবর আজম। একপর্যায়ে তার সাথে ক্রিকেটও খেলেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়- বাবার মতোই বল করছে ছোট্ট আলিয়ার। পরপর দু’টি বল করে সে। প্রথমটি ডিফেন্স করলেও দ্বিতীয়টিতে পরাস্ত হন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর।
আর তাতেই এলবিডব্লিউয়ের আবেদন করে বাবার মতো উইকেট উদযাপন করতে দেখা যায় আলিয়ারকে। শুরুতে উদযাপন ঠিকঠাক মতো করতে না পারলেও বাবা আফ্রিদি শিখিয়ে দেয়ার পর, দারুণভাবে তাকে অনুসরণ করে আলিয়ার।
তবে শাহিন শাহ আফ্রিদির এই উদযাপন ভঙ্গিটা আসলে তার নিজস্ব নয়; বরং এটি শুরু করেন তার শ্বশুর ও সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার শহিদ খান আফ্রিদি। তাই ভক্তদের প্রশ্ন- আলিয়ার আসলে কাকে অনুসরণ করলেন- বাবা নাকি নানাকে, আর সে কার মতোই বা হতে চায়?
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন