রক ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে হারানোর এক বছর পূর্ণ হলো আজ। ২০২৫ সালের এই দিনে রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রাতুলের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছিলেন ওন্ড ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম। তিনি জানিয়েছিলেন, জিমে ব্যায়ামের সময় হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিক তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের আইসিইউতে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে ফেরানো যায়নি। তাঁর মৃত্যুর কারণ হৃদ্রোগ।