বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বিবেচনার তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে দলটি। অভিযোগ, সদ্য চালু হওয়া ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগ এশীয় শিল্পীদের মূলধারার প্রতিযোগিতা থেকে আলাদা করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

বিটিএসের এ সিদ্ধান্তের পর রেকর্ডিং একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা হার্ভে ম্যাসন জুনিয়র এক বিবৃতিতে জানান, দলের সিদ্ধান্তে তিনি দুঃখিত হলেও সেটিকে সম্মান করেন। তিনি বলেন, নতুন বিভাগটি কোনো শিল্পীকে আলাদা করার জন্য নয়; বরং এশিয়ার পপসংগীতের বৈচিত্র্য, বিকাশ ও সৃজনশীলতাকে আরও বেশি স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এটি চালু করা হয়েছে।

ম্যাসন আরও স্পষ্ট করেন, কোনো শিল্পী যদি ঘরানাভিত্তিক বিভাগে অংশ নেন, তাতে ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ কিংবা ‘সং অব দ্য ইয়ার’-এর মতো প্রধান বিভাগে মনোনয়নের সুযোগ হারান না। অর্থাৎ ঘরানাভিত্তিক এবং সাধারণ-উভয় বিভাগেই একইসঙ্গে স্বীকৃতি পাওয়ার সুযোগ রয়েছে।

তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিটিএসের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তগোষ্ঠী আর্মি (অজগণ)। তাদের দাবি, আলাদা এশিয়ান পপ বিভাগ চালুর ফলে আন্তর্জাতিক শিল্পীদের মূল প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ভক্তদের আরও অভিযোগ, বিটিএসের জনপ্রিয় গান ‘বাটার’ ও ‘ডিনামাইট’-এর গ্র্যামি পারফরম্যান্স-সংক্রান্ত কিছু ভিডিও ও লিংক একাডেমির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে, যা বিতর্ককে আরও উসকে দিয়েছে।

এ ঘটনাকে ঘিরে পুরোনো প্রশ্নও নতুন করে সামনে এসেছে। অনেক ভক্তের মতে, অতীতে বিটিএসকে গ্র্যামিতে মনোনয়ন দেওয়া হয়েছিল মূলত অনুষ্ঠানটির বৈশ্বিক দর্শক সংখ্যা বাড়ানোর কৌশল হিসাবে। ফলে প্রতিনিধিত্ব, সমতা এবং পুরস্কার প্রদানের ন্যায্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আবারও জোরালো হয়েছে।

বিশ্বসংগীতের বাজারে এশীয় শিল্পীদের প্রভাব ক্রমেই বাড়ছে। সেই বাস্তবতায় বিটিএসের এ অবস্থান শুধু একটি ব্যান্ডের সিদ্ধান্ত নয়, বরং আন্তর্জাতিক পুরস্কার ব্যবস্থায় সমান প্রতিনিধিত্ব ও ন্যায্য স্বীকৃতির প্রশ্নকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews