বিশ্বকাপ শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উরুগুয়ের সাবেক অধিনায়ক দিয়েগো লুগানো। পর্তুগালকে শিরোপার অন্যতম দাবিদার আখ্যা দিতে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তিনি অবশ্য মেসিকেও ছাড়েননি, বরং তাকে দিয়েই রোনালদোকে খোঁচা দিয়েছেন।
বর্তমানে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে বিশ্লেষকের দায়িত্ব পালন করেন লুগানো। আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নিজের মতামত দেন তিনি। তার মতে, পর্তুগাল শিরোপা জয়ের অন্যতম বড় ফেভারিট।
পর্তুগালের সম্ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে তিনি ২০২২ কাতার বিশ্বকাপের প্রসঙ্গ টেনে আনেন। সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল এবং লিওনেল মেসি একাধিক পেনাল্টি থেকে গোল করেছিলেন।
ব্রাজিলের একটি টেলিভিশন অনুষ্ঠানে লুগানো বলেন, ‘পর্তুগাল অন্যতম ফেভারিট, কারণ মেসি কাতারে যে ধরনের পেনাল্টি পেয়েছিল, সেরকম পেনাল্টি ক্রিশ্চিয়ানোর পক্ষেও যাবে। এটাই বাস্তবতা। বিতর্ক এড়ানোর জন্য তার পক্ষে অনুকূল পরিবেশ থাকবে।’ মন্তব্যের শেষে তিনি হাসিও দেন।
লুগানোর এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি করেছে। কারণ, তিনি পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন যে বড় তারকাদের জন্য রেফারিদের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে।
পর্তুগালের পাশাপাশি দক্ষিণ আমেরিকার দলগুলোর সম্ভাবনাও মূল্যায়ন করেন উরুগুয়ের সাবেক এই অধিনায়ক। তার মতে, দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের সম্ভাবনা সবচেয়ে বেশি।
ব্রাজিল দলের দায়িত্বে কার্লো আনচেলত্তির আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন লুগানো। তিনি বিশ্বাস করেন, অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের অধীনে সেলেসাও টুর্নামেন্টের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠবে। লুগানো বলেন, ‘টুর্নামেন্টটা যত এগোবে, তারা তত উন্নতি করবে।’