আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে জনগণের সেবা, ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জনরায়ের প্রক্রিয়াকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সভা পরিচালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় গত আমেলার কার্যবিবরণী অনুমোদন, খাস কমিটির সিদ্ধান্তসমূহ পর্যালোচনা, জেলা ও মহানগর শাখার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন ও মূল্যায়ন, কেন্দ্রীয় সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে এবং যোগ্য, সৎ, আমানতদার ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে হবে। একই সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন, বিধিবিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরও বলেন, স্থানীয় সরকার জনগণের সবচেয়ে নিকটবর্তী সেবামূলক প্রতিষ্ঠান।

তাই জনগণের আস্থা অর্জন, উন্নয়ন, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সর্বাত্মকভাবে কাজ করবে। সভা থেকে দলের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি কমিটি গঠন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews