শিশু শোষণ মালায় দোষী সাব্যস্ত হয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। মঙ্গলবার প্রতিষ্ঠানটিকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে মেক্সিকোর একটি আদালত। জুরির মতে, প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে এবং শিশু যৌন শোষণসহ ব্যবহারকারীদের নানাবিধ ক্ষতির সুযোগ করে দিয়েছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, এই প্রথম কোনো আদালত মেটা প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য প্রতিষ্ঠানটিকে সরাসরি দায়ী করেছে।
নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সেইসব শিশু ও পরিবারের জন্য এক ঐতিহাসিক বিজয়, যারা মেটার ‘শিশুদের নিরাপত্তার চেয়ে মুনাফাকে প্রাধান্য দেওয়ার’ নীতির কারণে চড়া মূল্য চুকিয়েছে। তিনি আরও যোগ করেন, মেটা নির্বাহীরা জানতেন যে তাদের পণ্য শিশুদের ক্ষতি করছে, কিন্তু তারা নিজ কর্মীদের সতর্কবার্তা উপেক্ষা করেছেন এবং জনগণের কাছে মিথ্যা বলেছেন। আজ জুরি বোর্ড পরিবার, শিক্ষক এবং শিশু নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে একাত্ম হয়ে স্পষ্ট জানিয়ে দিলÑ আর নয়।
২০২৩ সালের ডিসেম্বরে তোরেজের অফিস এই মামলাটি দায়ের করে। এর আগে দ্য গার্ডিয়ানের দুই বছরব্যাপী এক অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয়েছিল যে, কীভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম শিশু পাচারের বাজারে পরিণত হয়েছে। সেই তদন্তের তথ্যগুলো এই মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে।
মেটা এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। কোম্পানির এক মুখপাত্র বলেন, আমরা এই রায়ের সঙ্গে একমত নই। আমরা আমাদের প্ল্যাটফর্মে মানুষকে নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করি। খারাপ লোক বা ক্ষতিকারক কন্টেন্ট শনাক্ত করা ও অপসারণের চ্যালেঞ্জগুলো আমরা স্পষ্টভাবেই জানি। মেটা অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নথিপত্র থেকে তথ্য চেপে যাওয়ার এবং চাঞ্চল্যকর যুক্তি দেয়ার অভিযোগ তুলেছে।