কারবালা নগরীতে এক আবেগঘন পরিবেশে ইরানের ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির শোকযাত্রা, বিদায় ও জানাজা সম্পন্ন হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার(৯ জুলাই) সকালে জানিয়েছে, ইরাকের ওয়াই নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মুসলিম উম্মাহর নেতা শহীদ সাইয়্যেদ আয়াতুল্লাহিল উজমা খামেনির পবিত্র লাশের প্রতি ইরাকিদের অভূতপূর্ব শ্রদ্ধা ও বিদায় জানানোর এই আয়োজন হজরত আবুল-ফজল আল আব্বাসের মাজার প্রাঙ্গণে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে। এর আগে গত বুধবার সকাল থেকে ইরাকে এই বীর মুজাহিদ নেতার লাশকে অভ্যর্থনা, শোকযাত্রা, বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রিয় নেতাকে হারানোর শোকে কাঁদছে লাখো মানুষ। এদিকে মাশহাদে শহীদ নেতার বিদায় ও জানাজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খামেনির জানাজার সময় পরিবর্তন করে স্থানীয় সময় দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে। মাশহাদ নগরী থেকে বুধবার রাতে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের মানুষ, বিশেষ করে নাজাফ ও কারবালার বাসিন্দারা শহীদ প্রতি যে অভূতপূর্ব ও ভালোবাসাময় গণ-অভ্যর্থনা জানিয়েছেন, তার কারণেই মাশহাদে লাশ পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। সেই অনুযায়ী, আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ইমাম রেজা সড়ক থেকে শুরু হয়ে ইমাম রেজার মাজারের দিকে এই শোকযাত্রা, শেষ বিদায় ও জানাজার মিছিল এগিয়ে যাবে। শহীদ খামেনির দাফন করা হবে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে।