এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঐতিহাসিক খান্দুরা দরবার শরীফের ঐতিহ্যবাহী জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিল উপলক্ষে উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিশিষ্ট লেখক ও ইসলামী গবেষক সৈয়দ আহমদ বখত মতিন রচিত চতুর্থ গ্রন্থ ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব সৈয়দ হামিদ বখত ডুমন (রহ.)-এর মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান।
হাজিরাতুল কুদসিয়া, খান্দুরা দরবার শরীফের সৈয়দ মাসুদ বখত (কায়েদ)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, বিশ্ব লালন সংঘের পরিচালক, লেখক ও সুফি গবেষক আবদেল মান্নান, সৈয়দ সোহেল আব্দাল, সৈয়দ সাজ্জাদ মোরশেদ শুভ, চাপরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ ভুঁইয়া, বিএনপি নেতা নূরে আলম ও যুবদল নেতা মো. জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান লেখক সৈয়দ আহমদ বখত মতিনের সাহিত্য ও গবেষণা কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বইটিতে উল্লেখিত আমল ও দিকনির্দেশনা দৈনন্দিন জীবনে অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে পরিবারসহ ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা ও মদিনায় গমনের কথা উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দ আহমদ বখত মতিনের পূর্বে প্রকাশিত ‘মহাকালের আয়না’, ‘পাকপাঞ্জতন’, ‘চিশতীয়ার কিস্তি’ এবং ‘খানায়ে দাওরা হতে খান্দুরা’ গ্রন্থ পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে। নবপ্রকাশিত ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ গ্রন্থটিও সুফি-ভাবধারার অনুসারী ও সাধারণ পাঠকদের আত্মিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
মোড়ক উন্মোচনের পর দ্বিতীয় পর্বে রাতব্যাপী জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এহসানুল হাদীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা করেন। এছাড়া খান্দুরা হাবেলীসহ দেশের বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, বাদ ফজরের আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানমালা শেষ হয়।