মালদ্বীপে অত্যন্ত মানবিক সঙ্কটপূর্ণ ও কষ্টকর পরিস্থিতিতে থাকা এক প্রবাসী বাংলাদেশী কর্মীকে সরকারি সহায়তায় দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (১২ মে) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা ইমাম হোসেন (২১) মালদ্বীপে গুরুতর মানবিক সঙ্কটে অবস্থান করছিলেন। বিষয়টি অবগত হওয়ার পর, হাইকমিশন সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম ওই কর্মীর হাতে দেশে ফেরার বিমান টিকিট হস্তান্তর করেন।

বিমান টিকিটটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল হতে দেয়া হয়।

টিকিট হস্তান্তরের সময় মিশনের প্রথম সচিব মো: মোতাছেম বিল্যাহ ও তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।

টিকিট হস্তান্তরকালে হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরো বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশী নাগরিক দেশের সম্পদ। তাদের যেকোনো মানবিক সঙ্কট, দুর্দশা বা জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে পাশে থাকার চেষ্টা করে।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার ও হাইকমিশন সবসময় প্রবাসীদের মানবিক সহায়তা, সুরক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews