হবিগঞ্জে মাদক বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১০টার দিকে মাদক বিক্রির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামবাসী স্থানীয় নতুন বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে বনদক্ষিণ গ্রামের পক্ষে সুলতানশী ও চরহামুয়া গ্রামের পক্ষে বনগাঁও গ্রামবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। এ সময় কমপক্ষে ১০টি দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড টিয়ার শেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি