সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতিসমূহ অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি বিস্তৃত কর্মপরিকল্পনা ও কর্মকৌশল গ্রহণ করেছে।

একই সাথে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) পাঠানো নির্বাচনী ইশতেহার অগ্রাধিকার সংক্রান্ত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সমন্বয় শাখার উপসচিব মোহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত চিঠির আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে প্রণীত এই কর্মপরিকল্পনা দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সব দফতর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

আদেশে বলা হয়, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা এবং কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। এই কর্মপরিকল্পনা ও কর্মকৌশলের নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের স্ব-স্ব অনুবিভাগ এবং অধীনস্থ সকল দফতর ও সংস্থাকে তাদের অংশসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দেয়া হলো।

আদেশে আরো বলা হয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতি মাসের একটি অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করতে বলা হয়েছে। ২৫ পৃষ্ঠার এই বিস্তারিত কর্মপরিকল্পনায় প্রতিটি খাতের জন্য আলাদা আলাদা বাস্তবায়ন কৌশল নির্ধারণ করে দেয়া হয়েছে।

এই আদেশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরসহ সংশ্লিষ্ট ১৩টি দফতর ও সংস্থার প্রধানদের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews