চেলসির নতুন ম্যানেজার জাবি আলোনসো বলেছেন, মরগান রজার্স একজন ‘দারুণ সাইনিং’। তিনি বিশ্বাস করেন, ইংল্যান্ডের এই মিডফিল্ডার দলকে আরো প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করে তুলবেন এবং কোল পালমারের সাথে তার বোঝাপড়া খুব ভালো হবে।

বহুমুখী প্রতিভার অধিকারী রজার্সকে গত সপ্তাহে অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে চেলসি। এটি কোনো ব্রিটিশ ফুটবলারের জন্য রেকর্ড ট্রান্সফার ফি।

ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে চেলসির দায়িত্বে প্রথমবার মাঠে নামার আগে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে স্ট্যামফোর্ড ব্রিজে আনতে পেরে আলোনসো দারুণ আনন্দিত বলে জানান।

স্প্যানিশ কোচ সাংবাদিকদের বলেন, ‘এটি দারুণ একটি সাইনিং। আমার মনে হয় ওই পজিশনে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের প্রয়োজন ছিল। আর আমি নিশ্চিত, মরগানের চেয়ে ভালো বিকল্প খুব বেশি ছিল না। তাই আমরা ভীষণ খুশি। এটি আমাদের সবার জন্য অনেক বড় বিষয়।’

গত মৌসুমে প্রিমিয়ার লিগে দশম স্থানে থেকে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ হারানো চেলসির জন্য এই সাইনিংকে বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

তবে আলোনসোকে এখন আক্রমণাত্মক মিডফিল্ডে রজার্স, কোল পালমার, পেদ্রো নেতো, এস্তেভাও উইলিয়ান এবং গ্রীষ্মকালীন দলবদলে যোগ দেয়া আরেক খেলোয়াড় জিওভানি কুয়েন্দাকে কিভাবে একসাথে খেলাবেন, সেই সমাধান বের করতে হবে।

পালমারের পাশে রজার্সকে কিভাবে খেলাবেন- এমন প্রশ্নের জবাবে আলোনসো বলেন, ‘আমার একটি পরিকল্পনা আছে। আমার একটি ধারণা রয়েছে। আমি তাদের দু’জনকে খুব ভালোভাবে একে অপরের সাথে মানিয়ে নিতে দেখছি।’

রজার্স ও পালমার ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের খেলার ধরনেও বেশ মিল রয়েছে।

আলোনসো আরো বলেন, ‘দলে এমন খেলোয়াড় দরকার যারা স্থিতিশীলতা দেবে, আবার এমন খেলোয়াড়ও দরকার যারা আরো স্বাধীনভাবে খেলতে পারবে। আমরা যদি সঠিক ভারসাম্য খুঁজে পাই এবং বিশেষ প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত জায়গায় খেলাতে পারি, তাহলে বল দখলে এবং বল ছাড়া- দুই পরিস্থিতিতেই আমরা আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠব।’

গত দুই বছর ধরে রজার্সকে দলে ভেড়ানোর চেষ্টা করছিল চেলসি। অ্যাস্টন ভিলার চাওয়া বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজি না হওয়ায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে পেছনে ফেলে শেষ পর্যন্ত তাকে দলে টানে লন্ডনের ক্লাবটি।

এই দলবদলের মাধ্যমে চলতি মাসের শুরুতে ম্যানচেস্টার সিটি নটিংহ্যাম ফরেস্ট থেকে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে নিয়ে যে ব্রিটিশ ট্রান্সফার ফি-র রেকর্ড গড়েছিল, সেটিও ভেঙে যায়।

বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জনে ভূমিকা রাখার কারণে রজার্স চেলসির অস্ট্রেলিয়া সফরে নেই। তাকে নিয়ে আলোনসো বলেন, ‘আমার মনে হয়, তার অন্যতম বড় গুণ হলো তার বহুমুখিতা। সে স্ট্রাইকারের কাছাকাছি, মাঝমাঠের আক্রমণাত্মক পকেট পজিশনে খেলতে পারে। ডান দিকেও খেলেছে, তবে আমার মনে হয় বাম দিক থেকে খেললে সে আরো কার্যকর। আমরা তাকে সেই জায়গাতেই খেলাব, যেখানে সে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের স্বাভাবিক খেলাটা উপভোগ করতে পারে। আমি নিশ্চিত, আশপাশের খেলোয়াড়দের সাথে তার ভালো সমন্বয় গড়ে উঠবে।

‘আমরা যদি তাদের মধ্যে সেই সমন্বয়, ছোট ছোট বোঝাপড়া এবং একে অপরকে খুঁজে নেয়ার অভ্যাস তৈরি করতে পারি, তাহলে আমাদের দলের খেলার মান অনেকটাই এগিযয়ে যাবে।’

চেলসি শনিবার সিডনিতে লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে। এরপর ৫ আগস্ট জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ খেলতে তারা হংকং সফরে যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews