দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর সরকারের পাশে সক্রিয়ভাবে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রক্ষায় অতীতের মতো বর্তমানেও শরিক দলগুলোর কার্যকর ভূমিকা অপরিহার্য।

রোববার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আশরাফুল হক বলেন, সরকার গঠনের অল্প কয়েক মাসের মধ্যেই দেশকে অস্থির ও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে, যা দেশ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত। তার দাবি, এ ষড়যন্ত্রে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমন জড়িত, তেমনি সাম্রাজ্যবাদের আশীর্বাদপুষ্ট বিরোধী দল জামায়াত এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও সম্পৃক্ত রয়েছে।

তিনি বলেন, এই দুই পক্ষই বাংলাদেশকে দীর্ঘমেয়াদি বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়। তাদের ষড়যন্ত্রের কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। তাই আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের দোসরদের এসব অপচেষ্টা প্রতিহত করে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে শরিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব উপস্থাপন করবে। এ বৈঠকে দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

মাওলানা আশরাফুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দলটির পক্ষ থেকে লিখিতভাবে কয়েকটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এর মধ্যে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি মাদ্রাসার সনদধারীদের নিয়োগের ব্যবস্থা সরকার ইতোমধ্যে বাস্তবায়ন করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আগামীকালের বৈঠকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে যেসব নতুন প্রস্তাব দেওয়া হবে, সেগুলো বাস্তবায়িত হলে দেশের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক সুফল বয়ে আনবে বলে তারা আশা করছেন।

জরুরি বৈঠকে দলের সহসভাপতি মাওলানা কবির আহমদ আড়াইহাজারী, মাওলানা মিজানুর রহমান, মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মুফতি কামরুল ইসলাম ভূঁইয়া, সংগঠন সচিব মাওলানা আনোয়ার হোসেন আনসারী, প্রচার সচিব এই এম ফারুক আহমদ এবং কেন্দ্রীয় সদস্য এই এম আব্দুল্লাহ ও মাহফুজ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews