পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের দুইদিন আগেও কেউ নিশ্চিত নয় কে জিতবে কে হারবে। মঙ্গলবার বিভিন্ন সংস্থার করা জরিপ প্রকাশ করা হয়েছে। কারও সমীক্ষায় তৃণমূল এগিয়ে, কারও মতে বিজেপি, কেউবা গায়ে গায়ে রেখেছে দুই প্রতিপক্ষকে।
টাইমস নাউ ও এবিপি সি ভোটারের মাধ্যমে যে জরিপ চালিয়েছে তাতে দু’দলেরই ফল একরকম। ২৯৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে ১৫৮, বিজেপি ১১৫, সিপিএম কংগ্রেস ১৯, পি মার্কের সমীক্ষাও প্রায় একই রকম। এদের জরিপে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস ১৫৮, বিজেপি একটু বেড়ে ১২০, সিপিএম কংগ্রেস সামান্য কমে ১৪ পেতে পারে। সরকার গঠনে প্রয়োজন ১৪৮ জনের সমর্থন।
ইন্ডিয়া টুডেঅ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপ অনুযায়ী লড়াই এবার হাড্ডাহাড্ডি। এদের হিসাবে বিজেপি ১৪৭, তৃণমূল কংগ্রেস ১৪৩, সিপিএম কংগ্রেস মাত্র ২ পেতে পারে। রিপাবলিক সিএনএক্সের জরিপেও একই ছবি ধরা পড়েছে। বিজেপি ১৪৩, তৃণমূল কংগ্রেস ১৩৩, সিপিএম+১৬। ইটিজি রিসার্চ নামে একটি সংস্থার জরিপে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত বলা হয়েছে। তাদের জরিপ অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পাবে ১৬৯, বিজেপি পাবে ১১০। ইপসোস সংস্থার জরিপেও তৃণমূল কংগ্রেসকে ১৫০, বিজেপিকে ১১৫, সিপিএম+১৯ পেতে পারে বলে জানানো হয়েছে। পোলস্টার্ট সংস্থার হিসাবে তৃণমূল কংগ্রেসের কাছাকাছি বিজেপি। তৃণমূল কংগ্রেস ১৪৭, বিজেপি জন ১৩০, সিপিএম+১৫ পাবে বলে জরিপে জানানো হয়েছে।
তবে জরিপে মিলবেই এমন কোনো নিশ্চয়তা নেই। ভোটের দিন সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা থাকেই।