চলতি সময়ের আলোচিত উপস্থাপিকা মাহমুদা মাহা। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌন্দর্যের দ্যুতি ছড়ায় তার উপস্থিতি। বছর জুড়ে টেলিভিশন ও করপোরেট শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটে তার। রমজান মাস এলে তা বেড়ে যায় কয়েকগুণ। এবারো যার ব্যত্যয় ঘটেনি। কয়েকটি টেলিভিশন চ্যানেলে একাধিক রান্না-বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন পর্দায় থাকবেন তিনি। এ প্রসঙ্গে মাহা বলেন, রোজায় রান্নার অনুষ্ঠান মানুষ বেশি দেখে। আরটিভিতে ঐতিহ্যবাহী রান্নার একটি অনুষ্ঠান করেছি। যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের রাঁধুনিরা এসেছেন। দীপ্ত টিভিতে তারকা শেফদের নিয়ে একটি অনুষ্ঠান সঞ্চালনা করলাম। নাগরিক টেলিভিশনে তারকারা এসেছেন রান্না করতে। এ ছাড়া, আমি নিজের একটি অনুষ্ঠান নিয়ে আসছি। নাম ‘আরেকটা কুকিং শো’। এখানেও বিভিন্ন অঙ্গনের তারকারা এসেছেন। তারা রান্না করেছেন। গতানুগতিক কুকিং শো থেকে যেটি ভিন্নরকম। অনুষ্ঠানগুলোর জন্য প্রায় শতাধিক পর্বের শুটিং হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য মাহা বৈচিত্র্যময় অনুষ্ঠান হাজির করছেন। শুরু করছেন কুকিং শো দিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ১০টি পর্ব প্রস্তুত হয়েছে প্রথম সিজনের জন্য। প্রথম পর্বে এসেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এ রকম বিভিন্ন শাখার তারকারা এসেছেন। আগামীতে অন্য ধরনের অনুষ্ঠানও আসবে। জানা গেছে, আসছে ঈদে একাধিক ফিকশনে দেখা যেতে পারে মাহাকে। এ ছাড়া, তিনি নিয়মিত সঞ্চালনা করছেন এসএ টিভি, একুশে টেলিভিশন, এটিএন বাংলা, নাগরিক টিভি সহ বিভিন্ন চ্যানেলে।