আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ছোট সঞ্চয়কারীদের জন্য স্বস্তির খবর আসতে পারে। ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক অব্যাহতির সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ব্যাংকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে আর কোনো আবগারি শুল্ক দিতে হবে না।
বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত আমানত আবগারি শুল্কমুক্ত রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে অতিরিক্ত ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা কর সুবিধার আওতায় আসবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দিতে পারেন।
অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আবগারি শুল্কের পরবর্তী ধাপগুলোর সীমা অপরিবর্তিত থাকবে। বর্তমানে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের ওপর বছরে ৫০০ টাকা আবগারি শুল্ক আরোপ করা হয়। অন্যদিকে ৫ কোটি টাকার বেশি আমানতের ক্ষেত্রে এ শুল্কের পরিমাণ ৫০ হাজার টাকা পর্যন্ত পৌঁছে। বর্তমানে ব্যাংক খাত থেকে সরকার বছরে প্রায় ৬ হাজার কোটি
টাকা আবগারি শুল্ক আদায় করে থাকে। তবে নতুন ছাড় কার্যকর হলে সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান মনে করেন, আবগারি শুল্ক ব্যবস্থা ধীরে ধীরে পুরোপুরি বাতিল করা উচিত। তার ভাষায়, ‘এটি ন্যায়সঙ্গত কর ব্যবস্থা নয়। অনেকটা ব্যাংকে টাকা রাখার জন্য শাস্তি দেওয়ার মতো।’ তিনি আরও বলেন, আবগারি শুল্কের পরিবর্তে আধুনিক ও ন্যায়ভিত্তিক সম্পদ কর ব্যবস্থা চালু করা প্রয়োজন, যা একটি সমন্বিত কর কাঠামোর অংশ হবে।