বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই অঙ্গীকারকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, যা এখন জনগণের কাছে দৃশ্যমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, অপরাধীর কোনো দল নেই, আদর্শ নেই। এদের ছাড় দেওয়ার সুযোগ নেই। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করতে বর্তমান সরকারের নীতিগত অবস্থান অত্যন্ত কঠোর।
অপরাধীরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে সূক্ষ্ম নজরদারি ও আইনগত ব্যবস্থা নিতে তিনি দাউদকান্দির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দুঃশাসন, জুলুম-নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রপথিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন। ইনশাআল্লাহ, আগামী দিনে তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে শির উঁচু করে দাঁড়াবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। অন্যথায় জনগণের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। কোনো ধরনের গাফিলতি কিংবা শৈথিল্য জনগণ বরদাশত করবে না।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছিমা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি থানার ওসি মো. সাজেদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ প্রমুখ।