বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের শ্রমিক ইউনিয়ন আগামী মাসে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। যৌথ শ্রমিক সংগ্রাম কমিটি ২১ মে থেকে ৭ জুন পর্যন্ত এই ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বেতন বাড়ানোর দাবিতে দক্ষিণ কোরিয়ায় কোম্পানিটির চিপ কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন হাজার হাজার কর্মী।
একদিনেই ৬৭ কোটি ডলার লোকসানের আশঙ্কা
সিউল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সং হিয়ন-জে জানান, একদিনের ধর্মঘটে প্রায় ১ ট্রিলিয়ন ওন বা ৬৭ কোটি ৭০ লাখ ডলারের লোকসান হতে পারে। ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে চিপ ব্যবসার পরিচালন মুনাফা থেকে ১০ ট্রিলিয়ন ওন পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আস্থার সংকটে বড় গ্রাহক হারানোর ভয়
অধ্যাপক সং সতর্ক করে বলেন, আর্থিক ক্ষতির চেয়ে বড় ঝুঁকি হলো বিশ্ববাজারে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে স্যামসাংয়ের ভাবমূর্তি নষ্ট হওয়া। এনভিডিয়া ও এএমডির মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চিপের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভরশীল। স্যামসাংয়ের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে গ্রাহকরা টিএসএমসির দিকে ঝুঁকে পড়তে পারে। তার মতে, চিপ শিল্পে একবার গ্রাহক হাতছাড়া হলে তাদের ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল।
১৯৬৯ সালের পর দ্বিতীয়বার ধর্মঘটের মুখে স্যামসাং
শ্রমিকদের প্রধান দাবিগুলো হলো পারফরম্যান্স বোনাসের ঊর্ধ্বসীমা বাতিল, বোনাস নির্ধারণে স্বচ্ছতা এবং বার্ষিক মুনাফার ১৫ শতাংশ বোনাস হিসেবে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি। পরিকল্পিত ধর্মঘটের প্রথম দিনে স্যামসাং চেয়ারম্যান লি জে-ইয়ংয়ের বাসভবনের সামনে বিক্ষোভেরও ঘোষণা দেওয়া হয়েছে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর এটি হবে স্যামসাংয়ের দ্বিতীয় সাধারণ ধর্মঘট। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটি ২৫ দিনের একটি কর্মবিরতির মুখে পড়েছিল।
সূত্র: কোরিয়া হেরাল্ড
বিডি প্রতিদিন/আশিক