ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে নতুন এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে।

এতে বলা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে সংযুক্ত থাকবে।

অধ্যাদেশ অনুযায়ী, ঢাকায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।

নতুন বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম, পরীক্ষা, গবেষণা ও সনদ প্রদানের দায়িত্ব পালন করবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা থাকলেও তা প্রস্তুত না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন ও জায়গা ব্যবহার করে কার্যক্রম চালানো যাবে।

গত বছরের ২৪শে সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়। পরে চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন দেয়। এবারে সেটিই চূড়ান্ত অধ্যাদেশ হিসেবে গেজেট আকারে প্রকাশ পেল।

এই সাতটি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। পরে সেশনজট, ফল প্রকাশে বিলম্বসহ নানা অভিযোগ তুলে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন এই সাতটি কলেজের শিক্ষার্থীরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews