মহাকাশে কখনো কখনো এমন দৃশ্য ধরা পড়ে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। ঠিক তেমনই এক বিরল ও সুন্দর ছবি তুলেছে নাসা ও ইএসএ-এর হাবল স্পেস টেলিস্কোপ। ছবিতে দেখা যাচ্ছে, একটি অত্যন্ত শক্তিশালী নক্ষত্র ও তাকে ঘিরে থাকা উজ্জ্বল গ্যাসের মেঘ।
এই নক্ষত্রটির নাম Hen 2-427, যাকে WR 124 নামেও ডাকা হয়। এটি পৃথিবী থেকে প্রায় ১৫ হাজার আলোকবর্ষ দূরে, ধনু নক্ষত্রমণ্ডলে অবস্থিত। ছবির মাঝখানে থাকা এই তারকাটি খুব উজ্জ্বল। এর চারপাশে দেখা যাচ্ছে লালচে ও গোলাপি রঙের গ্যাসের দলা।
এই গ্যাসগুলো নক্ষত্র থেকেই ছিটকে বের হচ্ছে। অবাক করার বিষয় হলো—গ্যাসগুলো প্রতি ঘণ্টায় প্রায় ১ লাখ ৫০ হাজার কিলোমিটার বেগে মহাকাশে ছড়িয়ে পড়ছে। এত দ্রুত গতির কারণে চারপাশে তৈরি হয়েছে এক দৃষ্টিনন্দন দৃশ্য।
Hen 2-427 একটি উলফ–রায়ে (Wolf-Rayet) শ্রেণির নক্ষত্র। এই ধরনের নক্ষত্র অত্যন্ত গরম হয় এবং নিজের শরীরের অনেক পদার্থ (গ্যাস) বাইরে ছুড়ে ফেলে। এই শ্রেণির নাম রাখা হয়েছে দুই বিজ্ঞানী—চার্লস উলফ ও জর্জ রায়ে—এর নাম অনুসারে।
নক্ষত্রটিকে ঘিরে থাকা গ্যাসের মেঘটির নাম M1-67। একে বলা হয় নীহারিকা (মহাকাশে গ্যাস ও ধুলোর মেঘ)। বিজ্ঞানীদের ধারণা, এই নীহারিকার বয়স ১০ হাজার বছরের বেশি নয়। মহাকাশের হিসাবে এটি খুবই কম সময়। বয়স কম হলেও এর সৌন্দর্য নজরকাড়া। বিজ্ঞানীরা বলছেন, এমন ছবি আমাদের মহাবিশ্বকে বুঝতে সাহায্য করে।
বিডিপ্রতিদিন/কবিরুল