চোটের কারণে লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা চলমান আইপিএল আসর থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে দ্রুতই নতুন খেলোয়াড় দলে নিবে লখনৌ সুপার জায়ান্টস।
দলের পরিচালক টম মুডি জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। খবরটি প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডেকেই হাসারাঙ্গার বিকল্প হিসেবে দলে নেওয়ার সম্ভাবনা বেশি। তবে এখন পর্যন্ত তিনি আইপিএলে কোনো ম্যাচ খেলেননি।
মুডি বলেছেন, তারা ধরে নিচ্ছেন হাসারাঙ্গা দলে যোগ দিতে পারবেন না, তাই বিকল্প খোঁজা হচ্ছে এবং খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
গেল ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন হাসারাঙ্গা। আইপিএলে খেলার জন্য প্রয়োজনীয় ফিটনেস টেস্টও তিনি পাস করতে পারেননি, যা এনওসি পাওয়ার জন্য বাধ্যতামূলক।
উল্লেখ্য, গত নিলামে লখনৌ হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে নিলেও চোটের কারণে তিনি স্কোয়াডে যোগ দিতে পারেননি। এর আগে তিনি রাজস্থান রয়্যালস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।
অন্যদিকে, লিন্ডে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন, যেখানে চার ইনিংসে তিনি মাত্র একটি উইকেট নেন। গত এক বছরে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ এসএ২০, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট ও পিএসএলের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে ২৫০ ম্যাচে ২১৮ উইকেট, ইকোনমি রেট ৭.৪২।