আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আরো শক্তিশালী করতে বড় পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুর্নামেন্ট শুরুর আগেই অন্তত পাঁচজন নতুন প্রবাসী ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ফেডারেশন।

সম্ভাব্য তালিকায় রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ, ফরোয়ার্ড জায়ান হাকিমসহ আরো তিনজন ফুটবলার। তবে শেষ পর্যন্ত কারা জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন, সেই সিদ্ধান্ত নেবেন জাতীয় দলের হেড কোচ।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফুলহামের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলা ফারহান আলী ওয়াহিদকে সাফের আগেই দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। তার বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর বাংলাদেশী পাসপোর্টের প্রক্রিয়া শুরু হবে।

ইতোমধ্যে ফারহানের বাবা ও এজেন্টকে সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্প ও সাফ চ্যাম্পিয়নশিপ মাথায় রেখে প্রস্তুতি নেয়ার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার কাজও দ্রুত এগোচ্ছে। এন্টিগা অ্যান্ড বারবুডার হয়ে দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও তাকে বাংলাদেশের হয়ে খেলাতে ফিফার অনুমতি পাওয়া নিয়ে কোনো জটিলতা দেখছে না বাফুফে।

ফাহাদ করিম জানান, এ বিষয়ে ফিফা ও এএফসির কাছ থেকে অনানুষ্ঠানিক ইতিবাচক সংকেত পাওয়া গেছে। এখন শুরু হবে আনুষ্ঠানিক কাগজপত্রের প্রক্রিয়া। সাধারণভাবে এই প্রক্রিয়ায় প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে জানানো হলেও, বাফুফের আশা ৪৫ দিনের মধ্যেই সব সম্পন্ন করা সম্ভব হবে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সাফ চ্যাম্পিয়নশিপের আগে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে যুক্ত করার লক্ষ্য পূরণ করতে চায় বাফুফে। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন, তা নির্ধারণ করবেন জাতীয় দলের হেড কোচ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews