নিকটতম প্রতিদ্বন্দ্বির হোঁচটের সুযোগ দারুণভাবে কাজে লাগালো পিএসজি। কষ্টের জয়ে পয়েন্ট তালিকায় ব্যবধান বাড়ালো শিরোপাধারীরা।
ফরাসি লিগ ওয়ানে শনিবার রাতে লে হেব্রে থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে লুইস এনরিকের দল। ম্যাচের ৩৭তম মিনিটে গোলটি করেন ব্রেডলি বারকোলা।
ম্যাচে ৭০ শতাংশ বলের দখল রেখে ১৮টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে পিএসজি। কিন্তু জালের দেখা মেলে একবারই। পয়েন্ট তালিকায় ১৩ নম্বরে থাকা লে হেব্রের ৮ শটের ৩টি ছিল লক্ষ্যে।
শিরোপা ধরে রাখার দৌড়ে এবারের জয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি। ২৪ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৭। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস। আগের ম্যাচে হারের পর এবার ড্র করে দলটি।