কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আবুল খায়ের (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আবুল খায়ের পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের উত্তর পাড়ার মরহুম জন্তুর আলীর ছেলে। রবিবার (২৯ এপ্রিল)বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী।
জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার দুপুরে জমিতে কাজ শেষে আবুল খায়ের পুকুরে গোসল করতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে পুকুরের ঘাটে অবস্থানকালে বজ্রপাতে তিনি লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ