গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের অন্যতম কারণ গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া।

মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গুত্ববরণকারী ও জুলাই যোদ্ধাদের নিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের দেওয়া রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি উদ্যোগ নিতে স্পিকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। স্পিকার এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে এবং তা সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সংসদ পরিচালনা করলে মানুষ তা মেনে নেবে না।

সভাপতির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ বলেন, সরকার স্মারকলিপির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব হলেও তারা রাজপথ ছাড়বেন না।

তিনি আরও বলেন, গণহত্যার বিচার করতেই হবে। বিচার না হলে জনগণ সরকারকে বাধ্য করবে। তবে তারা আন্দোলনের পরিবর্তে সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্যরা। এর আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া এমপিসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলীয় ঐক্যের নেতারা জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আবদুল ওহাব মিনার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews