প্রতিবারের মতো এবারো ঈদে দেশের অন্যতম নাটক প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট ৭টি বড় আয়োজনের নাটক মুক্তি দিতে যাচ্ছে। বিভিন্ন তারকা পরিচালক ও অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে নাটকগুলো। এর মধ্যে রয়েছে জাকারিয়া সৌখিনের পরিচালনায় ও ফারহান আহমেদ জোভান-নাজনীন নাহার নিহা জুটির নাটক ‘হৃদয়ের ওপাশে তুমি’। মুশফিক আর ফারহান ও বনি হাসানের অভিনয়ে নির্মিত হয়েছে নাটক ‘উই টাইম’। পরিচালনায় মোহাম্মদ তৌফিকুল ইসলাম। ভিন্নধর্মী গল্পে নির্মিত ‘জানি দেখা হবে’ নাটকে অভিনয় করেছেন ইয়াস রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। পরিচালনায় মাহমুদ মাহিন।
ঈদের নাটকের মধ্যে আরও রয়েছে ‘প্রিয় নামে ডেকো’। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। পরিচালনা প্রবীর রয় চৌধুরী। আলাদা গল্প ও নির্মাণে তৈরি হয়েছে ঈদ নাটক ‘তুই থেকে তুমি’। অভিনয়ে তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা। পরিচালনায় হাসিব হোসেন রাখি। এর বাইরে ঈদে সুলতান এন্টারটেইনমেন্ট প্রকাশ করবে নাটক ‘মিঃ বাদল’।
অভিনয়ে জিয়াউল হক পলাশ, পারসা ইভানা। পরিচালনায় আশরাফুজ্জামান। এ ছাড়াও ঈদ আয়োজনে রয়েছে নাটক ‘পরান পাখি’। অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। পরিচালনায় মোহাম্মদ মিফতা আনান। ৭টি নাটক প্রযোজনায় রয়েছেন তানভীর মাহমুদ অপু। তিনি বলেন, ঈদে সারা বছরের তুলনায় বিশেষ আয়োজন থাকে আমাদের। এবারো তাই হয়েছে। দর্শকদের কথা মাথায় রেখেই জনপ্রিয় সব তারকাদের নিয়ে নাটকগুলো নির্মিত হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।