এস আলম কোল্ড রোলড স্টিলসের কারখানা বন্ধ, ডিএসইর সতর্কবার্তা

কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার তথ্য জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিনিয়োগকারীদের সচেতন করতে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএসই।

এর আগে গণমাধ্যমে গত ২ আগস্ট চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইসংক্রান্ত সংবাদ প্রকাশের পর তালিকাভুক্ত এই কোম্পানিটির কাছে তাদের অবস্থান জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই।

চিঠির জবাবে কোম্পানিটি জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে সৃষ্ট বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

কোম্পানির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো পূর্বনোটিশ ছাড়াই তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) খোলায় বিধিনিষেধ আরোপ করায় প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক আমদানি ব্যাহত হয়। পাশাপাশি ধীরে ধীরে অধিকাংশ দক্ষ শ্রমিক চাকরি ছেড়ে দেওয়ায় উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

চিঠিতে আরও বলা হয়, সংকটের সমাধান হলে এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা হবে। এ বিষয়ে ডিএসইকে যথাসময়ে অবহিত করা হবে।

তবে কোম্পানিটি বলেছে, স্বল্প সময়ের মধ্যে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব না হলে এর উল্লেখযোগ্য নেতিবাচক আর্থিক প্রভাব কোম্পানির ওপর পড়তে পারে।

পূর্বকোণ/রেহেনুমা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews