স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুই বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য বিদেশে যাত্রা করলেন তিনি। গতকাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান। পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রপতির সঙ্গে গেছেন। ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে ১৭ মে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশের উদ্দেশে রওনা দেবেন। ১৮ মে সকালে তিনি দেশে পৌঁছবেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এবারই প্রথম বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকারের সময় দুবার তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া হয় বলে তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন। রাষ্ট্রপতির যাত্রা ও ফেরার সময় বিমানবন্দরে থাকবেন সাতজন : রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় প্রোটোকল (রাষ্ট্রাচার) হিসেবে বিমানবন্দরে কোনো কোনো কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে তা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময়ের রাষ্ট্রাচার নিয়ে নির্দেশাবলি জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সেই নির্দেশাবলি অনুযায়ী বিমানবন্দরের ১৩ জনকে থাকতে হতো। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়, রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান বিমানবন্দরে উপস্থিত থাকবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews