ম্যাচ জিততে শেষ ওভারে ১৪ রান দরকার করাচি কিংসের। দলটির হাতে ছিল ৫ উইকেট। এমন সময়েই নাটক। দুই আম্পায়ার হঠাৎই বল পরীক্ষা-নিরীক্ষা করতে লাগলেন। তাঁদের ইশারা পেয়ে পুরোনো বলের ব্রিফকেস নিয়ে মাঠে ঢুকলেন রিজার্ভ আম্পায়ার। কন্ডিশন বা অবস্থা পরিবর্তিত হওয়ায় বল পাল্টালেন তাঁরা। আর বলের কন্ডিশন পরিবর্তনের জন্য ৫ রান জরিমানা করা হলো মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সকে।
আর তাতে ৬ বলে ১৪ থেকে ৬ বলে ৯ হয়ে গেল করাচির ম্যাচ জয়ের সমীকরণ। হারিস রউফের করা শেষ ওভারের প্রথম বলটায় কাউ কর্নারের ভারসাম্য ধরে রেখে সিকান্দার রাজা দারুণ এক ক্যাচ নিয়ে ফেরালেন খুশদিল শাহকে। তবে তাতে শুধু একটু দেরিই করানো গেছে করাচিকে। পরের বলটা হলো ওয়াইড, এরপর টানা দুই বলে চার-ছক্কা মেরে করাচিকে টানা দ্বিতীয় জয় এনে দিলেন আব্বাস আফ্রিদি। দ্বিতীয় ম্যাচে প্রথম হারের স্বাদ পেল লাহোর।