পরিসংখ্যানের বিচারে এগিয়ে থেকেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এরমধ্যে প্রোটিয়ারা ১২টিতে এবং কিউইরা ৭টিতে জিতেছে।
বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের কাছে কখনো হারেনি দক্ষিণ আফ্রিকা। আগের পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জয় পেয়েছে প্রোটিয়ারা।
২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। ডারবানে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৩ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪ উইকেটে ১৫৮ রান তুলে জয়ের স্বাদ নেয় প্রোটিয়ারা।
২০০৯ সালের দ্বিতীয় বিশ্বকাপেও দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। লর্ডসে গ্রুপ পর্বে কিউইদের বিপক্ষে ১ রানের জয় পায় প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ৫ উইকেটে ১২৭ রানে আটকে যায় কিউইরা।
২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ১৭০ রানের জবাবে ৭ উইকেটে ১৫৭ রান করে নিউজিল্যান্ড। এতে ১৩ রানের হার বরণ করে নেয় কিউইরা।
বাংলাদেশের মাটিতে হওয়া ২০১৪ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান করে প্রোটিয়ারা। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬৮ রানে থামে নিউজিল্যান্ড।
২০১৪ সালের পর চলতি বিশ্বকাপে পঞ্চমবারের মতো দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। এ ম্যাচে ৭ উইকেটের বড় জয় পায় প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের ৭ উইকেটে ১৭৫ রানের জবাব দিতে নেমে ১৭ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।