জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর পূর্ণ হলো শনিবার (৭ ফেব্রুয়ারি)। ২০২৪ সালের এই দিনে গুণী এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন নিজের অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এর প্রিমিয়ারে অংশ নিতে বাসা থেকে বের হয়েছিলেন। পরে বসুন্ধরা শপিং মলের বেইজমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে যান তিনি। এরপর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
১৯৬৮ সালে নিজ শহর চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবার সহ তিনি থাকতেন গাজীপুরে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে নাটকে পা রাখেন তিনি। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’–তে অভিনয় তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এই নির্মাতার ‘বৃক্ষমানব’ নাটকটি তাকে সবশ্রেণির দর্শকের মধ্যে জনপ্রিয় করে তোলে।
নাটকের পাশাপাশি সিনেমাতেও দুর্দান্ত সব চরিত্র রূপদান করেছেন আহমেদ রুবেল। অভিনয় করেছেন চন্দ্রকথা, ব্যাচেলর, মেঘলা আকাশ, দ্য লাস্ট ঠাকুর, শ্যামল ছায়া, অলাতচক্র, লাল মোরগের ঝুঁটিতে।